গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান/
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ১৩ শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন।
শনিবার (৯ সেপ্টম্বর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিকেলে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ফরিদপুর ব-০১৯৮) ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ জেলার মাধবপুরে যাচ্ছিল। পথে বীরপাশা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস (মেট্রো-চ-১৫-৩৯৮৯) সাথে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের থাকা ১৪ যাত্রী আহত হয়।
তিনি আরো জানান, মাইক্রোবাসের যাত্রীরা সবাই শিক্ষার্থী ছিলেন। তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ার বডিং মাঠ এলাকার সমীকরণ প্লাস নামে একটি কোচিং সেন্টার থেকে বনভোজনের জন্য হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে প্রথমে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে