বরগুনা জেলা প্রতিনিধি/
বরগুনার পাথরঘাটায় ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো- শাকিব, তানভীর ও রাকিব। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই। তাদের সকলের বাড়ি কাকচিড়া ইউনিয়নে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটে।
কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে একটি মোটরসাইকেলে তিনজন কাকচিড়া বাজারের দিকে আসছিল। পথিমধ্যে সংগ্রাম অফিসের সামনে সড়কে থামানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।