আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ ব্যুরো প্রধান: কিশোরগঞ্জে হরতালকারীরা সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও একটি গাড়ি ভাঙচুর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকায় রেল লাইনের পাশের সড়কে পিকেটাররা আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ৭ টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে একটি গাড়ি ভাঙচুর করে। গাড়িটি ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বলে জানা গেছে।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান, তিনি শনিবার (২৮ অক্টেবর) বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জে চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসা শেষে রাতে সার্কিট হাউসে রাত্রিযাপনের পর সকাল সাড়ে ছয়টার দিকে নিজ কর্মস্থলে ফিরে যান। করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় ইউএনওকে পৌঁছে দিয়ে গাড়িটি পুনরায় কিশোরগঞ্জে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আসলে দুর্বৃত্তরা গড়িটির পেছন দিক থেকে ঢিল ছুড়ে মারে এতে গাড়ির পেচনের গ্লাস ভেঙে যায়। এতে কেউ আহত হয়নি।
এ ছাড়াও শহরের পুরাতন থানা লেভেল ক্রসিং এলাকায় জেলা সরণি মোড়, বটতলাসহ বিভিন্ন হরতালকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এলাকায় যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করছে।