
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে মারা যাওয়ার আগেই নিজ বাড়ির উঠানে অনুষ্ঠানের আয়োজন করে অতিথিদের খাবারের পরিবেশন করা হয়। নিজের চল্লিশার আয়োজন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মারফত আলী নামের এক ব্যক্তি।
ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা বড়-হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ ৫ শতাধিক মানুষ নিয়ে এ মেজবানের আয়োজন করেন। মারফত আলী ওই এলাকার মৃত উসমান আলীর পুত্র।
ওই ইউনিয়ন ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালাম বলেন, মারফত আলী দুই বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন। দুই সংসারে রয়েছে ৬ ছেলে ও ৩ মেয়ে। এলাকায় বিত্তশালী কৃষক হিসাবে ব্যাপক পরিচিত। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরা কেউ বিয়ে করে আলাদা আবার কেউবা লেখাপড়া করছেন।
এ অবস্থায় মারফত আলী চিন্তা করেন নিজের জমিজমা ভাগ বাটোয়ারা করে দিয়ে দেবেন। এরপর অপেক্ষা পরপারে চলে যাওয়ার। এরমধ্যে মাথায় আসে তিনি মারা গেলে সন্তানরা যদি চল্লিশা না করে। এ জন্য তিনি নিজের চল্লিশা জীবিত অবস্থায় করে যেতে মনস্থির করেন।
পরে ঘটনাটি নিয়ে পরিবারের সঙ্গে কথা বললে তাদের সম্মতিতে আয়োজন করেন চল্লিশা। এজন্য তিনি বেশ কয়েকদিন সময় নিয়ে লোকজনকে দাওয়াত দেন। সোমবার দুপুরে বাড়ির ভেতরে ডেকোরেটর দিয়ে সামিয়ানা টাঙিয়ে পাঁচ শতাধিক নারী-পুরুষকে খাওয়ান।
মারফত আলী জানান, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। নামাজ ছাড়া এখন তেমন কোনো কাজকর্ম করি না। চল্লিশার জন্য ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গরু, ২০ হাজার টাকার একটি খাসি কেনা হয়।
দাওয়াত খেতে আসা আব্দুল কদ্দুস বলেন, জীবিত ব্যক্তি নিজের চল্লিশার আয়োজন করেছেন সেটি ব্যতিক্রম ঘটনা। তৃপ্তি সহকারে আমরা খেয়েছি।




















এই post বিষয়ে আলোচনা করুন