গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাটা গাছ ক্রেনে করে ট্রাকে ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি (২৫) ও পারভেজ (২৪) নামে দুইজন নিহত হয়েছেন। মহাসড়ক প্রস্তকরণের কাজ শুরু হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
রোববার (৭ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার মনকাশাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন ক্রেনের চালক এবং অপরজন হেলপার ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মহাসড়ক প্রস্তুতকরণের কাজ শুরু হয়েছে। তাই সড়কের পাশে গাছ এরইমধ্যে কাটা শুরু হয়েছে। দুপুরে কাটা গাছের অংশ ক্রেনে করে ট্রাকে ওঠানো হচ্ছিল। এসময় পাশের বিদ্যুৎ সঞ্চালনের তারে ক্রেনটি স্পৃষ্ট হয়। এতে ক্রেনে থাকা চালক ও হেলপার মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলে তিনি যোগ করেন।