
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ৩৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বন্যা দুর্গত এলাকায় এসব মানুষ উদ্ধারের পাশাপাশি চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম।
সোমবার (০৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।
হালুয়াঘাটের নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, বন্যাদুর্গত উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এরই মধ্যে জুবলী, কৈচাপুর, সদর, গাজীরভিটা, ভূবনকূড়া ও পৌর এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে ধারা, ধূরাইল, নড়াইল, সাখুয়াই, আমতৈল ও বিলডোরাসহ অপর ছয়টি ইউনিয়নে। এতে ওইসব এলাকায় বর্তমানে ১৮ থেকে ১৯ হাজার পরিবার পানিবন্দি।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত শারমিন বলেন, উপজেলার মোট সাতটি ইউনিয়নের মধ্যে ঘোঁষগাঁও এবং দক্ষিণ মাইজপাড়া-গামারীতলা ইউনিয়নে কমেছে বন্যার পানি। তবে সদর, বাগবেড় গোয়াতলা, পোড়াকানদলিয়া সহ চারটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি থাকায় প্রায় সাড়ে ৯ থেকে ১০ হাজার পরিবার এখনো পানিবন্দি।
বর্তমানে ফুলপুর এলাকার সিংহেশ্বর, ছনধরা, সদর ইউনিয়ন প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি ভাটির দিকে নেমে আসায় বর্তমানে ফুলপুর উপজেলার তিনটি ইউনিয়নের ৫ হাজার + পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন