আশিকুর রহমান: নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরার ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মেম্বার স্থানীয় একটি মসজিদ থেকে বের হলেই গুলি করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় মার্কাস মোড়ে ঘটনা ঘটে। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বারৈচা-রায়পুরা সড়কের পাশে অবস্থিত একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হলে এ হামলার ঘটনা ঘটে। একটি সিএনজি যোগে আসা তিন থেকে চার জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ জানান, আমরা ঘটনা স্থলে যাচ্ছি। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।