সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সহিলদেও ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের উদ্যোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে জনপদ। নির্ধারিত সহিলদেওর বদলে কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজ গ্রাম জয়পুরে ভবন নিতে প্রশাসনের ওপর চাপ প্রয়োগের অভিযোগে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে এলাকাবাসী।মঙ্গলবার বিকালে সহিলদেও গ্রামে মদন-মোহনগঞ্জ সড়কে শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন ইউনিয়নের শেষ প্রান্তের জয়পুরে ভবন স্থানান্তর করলে সাধারণ মানুষের জন্য সেবাপ্রাপ্তি হবে দুরূহ। এতে ইউনিয়নের বহু গ্রাম কার্যত সেবা বঞ্চিত হবে।স্থানীয়রা বলেন, “বিগত আওয়ামী সরকারের আমলে সহিলদেও গ্রামে ৩০ শতাংশ জমি অধিগ্রহণ করে ইউনিয়ন পরিষদ ভবনের জন্য রেজুলেশন করা হয়েছিল। সেটিই এখন হঠাৎ বদলে ফেলা হচ্ছে। নিজেদের স্বার্থে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।”ক্ষুব্ধ এলাকাবাসী ঘোষণা দেন দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে সহিলদেওতে ভবন নির্মাণের জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তার নিজ গ্রাম জয়পুরকে সুপারিশ করান। এই ঘটনাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ বিষয়ে খান তালাত মাহমুদ রাফির মন্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “বিগত সরকারের সময়ে সহিলদেও, জয়পুর ও শ্রীরামপুর এই তিনটি স্থানের মধ্যে সুপারিশ পাঠানো হয়েছিল। সরকার পতনের পর কী সিদ্ধান্ত হয়েছে জানা নেই। তবে ইউনিয়নের সবার মতামত নিয়েই ভবনের চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।