অনলাইন ডেস্ক :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছের ক্ষতি সাধন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, তেকানী গ্রামের ছারাব আলীর ছেলে হাসানুর মিয়া স্থানীয় একটি ৩০ শতাংশ জমির বন্দকীয় পুকুরে প্রায় চার মাস আগে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, মৃগেল, সরপুটি, বাটা, তেলাপিয়া, গ্লাসকাপ ও সিলভার কার্পসহ মাছ চাষ শুরু করেন। গত ২১ আগস্ট রাত ১০টার দিকে তিনি পুকুর ঘুরে নিজ বাড়িতে ফেরেন। পরদিন ২২ আগস্ট সকালে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে অজ্ঞাত কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ২০ মণ মাছ মারা যায় এবং সকালে থেকেই মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় মৃত মাছ মাটিতে পুঁতে রাখা হয়।ভুক্তভোগীর দাবি, এতে তার আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক কয়েকজনের সঙ্গে কথা বললে তারা নাকি বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে আপোষের আশ্বাস দিলেও পরে ভুক্তভোগীকে থানায় অভিযোগ না করার জন্য হুমকি দেয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামলা করলে তাকে ও তার পরিবারকে পুকুরে যেতে দেওয়া হবে না এবং শারীরিক ক্ষতি করার হুমকি দেওয়া হয়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।