সৈয়দ সময়, নেত্রকোণা :
নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়েছেন বিএনপির সাবেক এমপি ও চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাওরের বিশাল জনপদে টানা তিন দিনের সফরে তিনি শুধু রাজনৈতিক বার্তাই দেননি, পাশাপাশি পরিবেশ ও উন্নয়নের প্রতিশ্রুতিও তুলে ধরেছেন।শনিবার সফরের দ্বিতীয় দিনে সদর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন বাবর। স্থানীয় বিএনপি, সাধারণ মানুষ ও সমর্থকরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজ আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।এর আগে শুক্রবার সকাল ১০টায় মেন্দিপুর বাজারে পথসভা করে তিনি খালিয়াজুরী সফরের সূচনা করেন। পরে সারাদিন স্পিডবোটে হাওরের ভেতর চাকুয়া ইউনিয়নের গ্রাম ও হাটে হাটে ঘুরে পথসভায় বক্তব্য দেন। জনগণের সাথে সরাসরি কথা বলে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।“শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনগণই আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে এটাই আমার দৃঢ় বিশ্বাস। দলকে সুসংগঠিত রাখতে সব বিভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান লুৎফুজ্জামান বাবর ।খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্টু বলেন ,“অতীতে বাবর সাহেব হাওরের উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। খালিয়াজুরীর উন্নয়নে তার কোনো বিকল্প নেই।”সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, রোববার নগর ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করার মধ্য দিয়ে শেষ হবে ভাটি বাংলার সিংহপুরুষ বাবরের এই সফর।