অনলাইন ডেস্ক :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামে গত ছয় মাস ধরে রহস্যজনকভাবে বিভিন্ন বাড়িঘর ও আসবাবপত্রে আগুন লাগার ঘটনা ঘটছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।ভুক্তভোগী নুর নাহার, মাহফুজুল হক, রুহুল ইসলাম ও স্থানীয় মহসিনসহ অনেকে জানান, প্রতিদিন ৩–৪ বার হঠাৎ আগুন ধরে যায় ঘরের ভেতরে। কখনো বসতঘরে, কখনো রান্নাঘরে, কখনো ঘরের বেড়ায় আবার কখনো গো-খাদ্যের পালায় আগুন লাগে। ইতোমধ্যে একটি পরিবার তাদের পুরো বসতঘর হারিয়েছে। পুড়ে মারা যাওয়ার ভয়ে অনেকেই মাঝেমধ্যে শয়নঘরের বাইরে রাত কাটাচ্ছেন।স্থানীয়দের দাবি, ভারত থেকে ‘জ্বিন’ এসে এসব আগুন ধরিয়ে দিচ্ছে। তবে শিক্ষিত মহল বিষয়টি বিশ্বাস করছে না। অনেকে কবিরাজ ডেকে ঝাড়ফুঁক, তাবিজ-কবচ কিংবা বাড়ি বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছেন, কিন্তু কোনো ফল মেলেনি।দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “আমরা পাহারা দিয়েও দেখেছি হঠাৎ আগুন ধরছে, কিন্তু আশপাশে কোনো লোক পাওয়া যায়নি।”এদিকে রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো আগুন দেখতে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা অলৌকিকভাবে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।এ বিষয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, রহস্যজনক এই অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তারা মনোযোগ সহকারে কাজ করছেন। তবে এরই মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন গাছবাড়ী গ্রামের সাধারণ মানুষ।