সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে খালিয়াজুরীতে যেন এক উৎসবমুখর রথযাত্রা। প্রতীকের নাম ‘গরুর গাড়ি’, অথচ উচ্ছ্বাসে সভাস্থল হয়ে উঠেছিল তরুণ-যুবক আর প্রবীণ নেতাকর্মীদের মিলনমেলা।বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময় সভা ছিল গণসমাবেশের রূপকল্প। ঢোলের তালে, স্লোগানের জোয়ারে আর ঐক্যের অঙ্গীকারে ভরে ওঠে সমাবেশ চত্বর।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ (স্বাধীন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান (কেষ্টু)।অতিথি মঞ্চে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জি.এস. মাসুদ রানা চৌধুরী, ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান খান।বক্তারা তাদের বক্তব্যে বলেন, “গরুর গাড়ি প্রতীক শুধু একটি চিহ্ন নয়, এটি আমাদের ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের জয় মানেই তৃণমূল বিএনপির জয়।”উপজেলা ও জেলা পর্যায়ের অসংখ্য নেতা-কর্মীদের বক্তৃতায় প্রতিধ্বনিত হয়েছে একই স্লোগান ঐক্যের পতাকা হাতে নিয়ে গণমানুষের দলে রূপান্তরিত হোক বিএনপি।পরিশেষে প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান (রনি) আবেগঘন কণ্ঠে বলেন,“আমার শক্তি কোনো ক্ষমতার আসন নয়, আপনাদের ভালোবাসা ও সমর্থন। ৩০ আগস্ট আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করুন, আমি নেত্রকোনা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গণমানুষের দলে পরিণত করব।”খালিয়াজুরীর সভা থেকে স্পষ্ট ‘গরুর গাড়ি’র চাকা এবার গতি পেয়েছে, আর সেই গতিই হতে পারে নেত্রকোনার রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা।