অনলাইন ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর বহরম ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।তিনি আরও বলেন, মরদেহটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।সন্ধ্যা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।