অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ধরা পড়েছে। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান ইউএনও।পরিদর্শনের সময় নাপোড়া বাজারে চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত চাল কম পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে ছনুয়া ইউনিয়নে চাল বিতরণের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার হিসাবের মধ্যে অসঙ্গতি পাওয়া গেলে ওই ডিলারকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “চাল বিতরণের ক্ষেত্রে ওজনে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ডিলারদের সর্বোচ্চ সতর্ক থেকে নিয়ম মেনে সঠিকভাবে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।”