আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন। হুথি কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সানায় এক বৈঠকে অংশ নেওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় প্রধানমন্ত্রী আল-রাহাবি ও আরও কয়েকজন মন্ত্রী প্রাণ হারান। তবে কতজন মন্ত্রী নিহত হয়েছেন তা স্পষ্ট করে জানানো হয়নি।হুথি সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রতিশোধ নেব, ক্ষতের গভীরতা থেকেই আমরা বিজয় অর্জন করব।”ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের এই হামলার লক্ষ্য ছিল “একটি হুথি সন্ত্রাসী সরকারের সামরিক ঘাঁটি”। তবে হামলায় রাজনৈতিক নেতৃত্ব নিহত হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।আল-রাহাবি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভক্ত অংশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলমান গাজা যুদ্ধের মধ্যেই ইয়েমেনে ইসরায়েলের এ হামলা আঞ্চলিক সংঘাতকে আরও তীব্র করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: আল জাজিরা