
সৈয়দ সময়, নেত্রকোনা :
নেত্রকোনা সদরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটে।নিহতরা হলেন একই গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও নূর মোহাম্মদ (২৮)। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দুজাহান মেম্বার ও রফিক মিয়ার মধ্যে। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মেম্বারের ওপর রফিকের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন দুজাহান।এ খবর গ্রামে পৌঁছালে উত্তেজিত হয়ে ওঠে তাঁর সমর্থকেরা। তারা দলবেঁধে রফিক মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় রফিক, তার ভাই মোফাজ্জল, ভাতিজা নূর মোহাম্মদ এবং স্ত্রী মনোয়ারা গুরুতর জখম হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে লড়ছেন জীবন-মৃত্যুর সঙ্গেনেত্রকোনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত রফিক মিয়া ও তার স্ত্রী মনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি বলেন, “আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”ঘটনার পর থেকে জামাটি গ্রামে বিরাজ করছে শোক আর আতঙ্কের ছায়া। গ্রামবাসীর আশঙ্কা, প্রতিশোধের এই রক্তচক্র এখানেই থামবে না, আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।




















এই post বিষয়ে আলোচনা করুন