মোঃ রমজান হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁ মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপির বিনোদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো, একই গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম (৪)স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলা করছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈম নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুজির পরে পুকুরে একটি শিশুর ভাসমান দেহ দেখতে পান।পরে গ্রামবাসীরা পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। সাদ্দাম হোসেন নামের এক স্হানীয় বাসিন্দা বলেন, শিশু দু’টি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করেন। পরে আরেক শিশুকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে নেই। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। দুইটা নিষ্পাপ প্রাণ এভাবে চলে যাবে—কেউ বিশ্বাস করতে পারছে না। এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন