
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার মদন-ফতেপুর সড়ক সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। কোটি টাকার প্রকল্প হাতে নিয়েও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনূস অ্যান্ড ব্রাদার্স। বরাদ্দ থাকা সত্ত্বেও মাঝপথে কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ২৫ গ্রামের মানুষ।প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ সড়ক মদন পৌরসদর, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের একমাত্র প্রধান যোগাযোগ পথ। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সড়কজুড়ে এখন গর্ত আর খানাখন্দের রাজত্ব। ছোট-বড় দুর্ঘটনা ঘটছে নিয়মিত। বিকল্প সড়ক না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের।২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার অংশ সংস্কারের কাজ শুরু হয়। জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ১৫০ মিটার কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান হাত গুটিয়ে নেয়। ফলে সড়কের বাকি অংশ অচল অবস্থায় পড়ে আছে।সড়ক ব্যবহারকারী স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ ও আশরাফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই বছর ধরে এই সড়ক চলাচলের অনুপযোগী। কিছুটা কাজ শুরু হলেও শেষ হয়নি। গাড়ি তো দূরের কথা, হেঁটেও চলা কষ্টকর। আমরা দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি জানাই।”অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি শামীম বলেন, “পাথর সংকটসহ কিছু সমস্যার কারণে সাময়িকভাবে কাজ বন্ধ আছে। আগামী সপ্তাহ থেকে আবার কাজ শুরু হবে।”তবে মদন উপজেলা প্রকৌশলী এস এম শাহাদত হোসেন স্বীকার করেছেন, “সড়কের অবস্থা নাজুক। ঠিকাদার কাজ এগিয়ে নিচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একাধিকবার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে।”এদিকে স্থানীয়দের দাবি ,যথাযথ তদারকি আর দায়বদ্ধতার অভাবেই কোটি টাকার প্রকল্প আজ ভেস্তে যাচ্ছে। দ্রুত সংস্কার সম্পন্ন না হলে দুর্ভোগের পাশাপাশি যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ।




















এই post বিষয়ে আলোচনা করুন