প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৬:৩৪ পি.এম
লক্ষ্মীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার

মাহমুদুন্নবী সুমন লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর রায়পুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। দলের পাঠানো চিঠিতে হুমায়ুন কবিরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়। এতে বলা হয়, হুমায়ুনের বিরুদ্ধে সোমবার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। এটি দলের শৃঙ্খলা পরিপন্থী এবং কোনোভাবেই কাম্য নয়। এর আলোকে হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে হুমায়ুন কবির অটোরিকশা স্ট্যান্ডে টোল সংগ্রহকারীর কাছে চাঁদা চাইতে গেলে কিছু চালক-শ্রমিক তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে চালকেরা হুমায়ুনকে মারধর করেন। এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি। অটোরিকশাচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চালক-মালিকদের কাছ থেকে বিএনপির আরেক নেতাসহ চাঁদা তুলে আসছেন হুমায়ুন কবির।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুমায়ুন একটি মোটরসাইকেলের ওপরে বসে নিজেকে সিএনজি-অটো মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে পৌরসভার টোল আদায়কারী শাকিলের কাছ থেকে টাকা চাইছেন। শাকিল টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তাঁকে বলেন, এর আগে বিএনপির আরেক নেতা টাকা নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে অটোরিকশা চালকেরা হুমায়ুনকে মারধর করেন ও ধাওয়া দেন।চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করা হয়। তাঁর মুঠোফোনে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে একটি সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। চালকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আমার ওপর হামলা করেন। পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।’জানতে চাইলে রায়পুর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি এবিএম জিলানী বলেছেন, “রায়পুর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজির স্থান হবে না। যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক জানান, “চাঁদাবাজির বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন