সৈয়দ সময় ,নেত্রকোনা:
নেত্রকোনার আকাশে এক বিকেল ভেসে উঠল সাহিত্য ও সংস্কৃতির সোনালি রং।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উকিলপাড়াস্থ প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে অনুষ্ঠিত হলো “মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্য কর্ম” বিষয়ক মুক্ত আলোচনা সভা।অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত অধ্যাপক যতীন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। সেই নীরবতা যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা এক অনন্ত শ্রদ্ধাঞ্জলি।সভায় স্বাগত ভাষণ দেন অধ্যাপক ওয়ালী উল্লাহ, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি শোকরান খান। সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার সভাপতি কনক পণ্ডিত এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আজমিরি ইসলাম।আলোচনায় অংশ নেন কবি বিনয় দেবনাথ, প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক পূরবী সম্মানিত, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সূফী কবি এনামূল হক পলাশ, কবি সাজ্জাদ হোসেন, মনির হোসেন বরুণ, কবি বদিরুজ্জামান, অচিন্ত্য গোস্বামী, মেরিট পণ্ডিত প্রান্ত প্রমুখ। তাঁদের কথায় আলাওলের সাহিত্যকীর্তি শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতেরও প্রেরণা হয়ে ওঠে।সন্ধ্যা গড়িয়ে গেলে আলোচনা রূপ নেয় শিল্প-সাধনার মিলনমেলায়। প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও সংস্কৃতি মঞ্চের শিল্পীরা পরিবেশন করেন নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও কৌতুক। শ্রোতা-দর্শক মুগ্ধ হয়ে ডুবে যান কবিতার অনুরণন আর সুরের স্রোতে।এদিনের আসর যেন প্রমাণ করল আলাওলের আলো আজও নিভে যায়নি, বরং নতুন প্রজন্মকে জাগিয়ে রাখছে সাহিত্যের অবিনশ্বর দীপশিখায়।