সৈয়দ সময় ,নেত্রকোনা :
তরুণ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংকের ব্যতিক্রমী আয়োজন ‘ফেস্টিভাল অব ইয়ুথ ২০২৫’।রোববার বিকেলে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক নেত্রকোণা শাখার ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ সাখারিয়া এবং সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম চৌধুরী, সিএসই বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম এবং বাংলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আঙ্গুর মিয়া।বক্তারা আর্থিক পরিকল্পনা ও সঞ্চয়ের কৌশল, ডিজিটাল ব্যাংকিং ও সাইবার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সামনে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের শুধু ব্যাংকিং ও অর্থনৈতিক জ্ঞানেই সমৃদ্ধ করেনি, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হতে সহায়তা করেছে।