
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় এক হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।দারিদ্র্যের চাপে নিঃস্ব রাজন মিয়া ও তার স্ত্রী সম্প্রতি চরম হতাশায় পড়ে নিজেদের দুই শিশু সন্তান বিক্রির চেষ্টা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা প্রশাসক সরাসরি ঘটনাটি আমলে নেন।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রাজন পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে ব্র্যাকের সহযোগিতায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা হস্তান্তর করেন তিনি। শুধু তাই নয়, রাজনের জন্য পৌরসভার লাইসেন্স দ্রুত নিশ্চিত করা হয় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদের জরাজীর্ণ ঘরটি সংস্কারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরপরই ঘর মেরামতের কাজ শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর নেত্রকোনা পৌর শহরের আনন্দবাজার এলাকায় চরম অভাব-অনটনে জর্জরিত রাজন মিয়ার পরিবার যখন সন্তান বিক্রির মতো অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তখন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি সহায়তায় এগিয়ে আসেন।জেলা প্রশাসকের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই একে দারিদ্র্যের অন্ধকারে মানবতার উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে অভিহিত করছেন।






















এই post বিষয়ে আলোচনা করুন