সৈয়দ সময়, নেত্রকোনা:
নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে সিফাত মিয়া (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদরাসার হেফজখানার ছাত্র ছিল।স্থানীয়রা জানান, সকালে দা হাতে নারিকেল তুলতে গাছে উঠে সিফাত। ডাব কাটার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে দা লেগে যায়। মুহূর্তেই গাছ বিদ্যুতায়িত হয়ে কিশোরটি সেখানেই প্রাণ হারায়। সিফাতের নিথর দেহ গাছে আটকে থাকে দীর্ঘক্ষণ।পরে খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।এক মুহূর্তের অসতর্কতায় কিশোরের প্রাণ ঝরে গেল বিদ্যুতের ফাঁদে।