প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১১:৪০ পি.এম
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর কবর জিয়ারত করলেন আনিছুল ইসলাম মন্ডল

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আনিসুল হক চৌধুরীর কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল। শনিবার বিকেলে তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়ায় গিয়ে আওয়ামী লীগ নেতার কবর কবর জিয়ারত ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতা এবং জুলাই যোদ্ধারা এর তীব্র সমালোচনা করেছেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিছুল ইসলাম মন্ডল বলেন, মরহুম আনিসুল হক চৌধুরী ছিলেন একজন দূরদর্শী, দেশপ্রেমিক ও জনকল্যাণমুখী রাজনীতিবিদ। তার রাজনৈতিক জীবন ছিল সততা, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি রংপুরের বদরগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি আরও বলেন, মরহুমের আদর্শ ও কর্মজীবন বর্তমান ও আগামীর রাজনীতিবিদদের জন্য অনুকরণীয়। জনগণের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন।আনিছুল ইসলাম মন্ডল বলেন, আমি বিশ্বাস করি, মরহুম আনিসুল হক চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। তাকে অনুসরণ করেই রাজনীতিতে নৈতিকতা ও জনসেবা মূলক রাজনীতি ও ধারাবাহিক সুন্দর রাজনীতি ফিরিয়ে আনা সম্ভব। তার স্মৃতি ও অবদান আমাদের সবসময় প্রেরণা জোগাবে। কবর জিয়ারতের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা মরহুম নেতার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।মরহুম আনিসুল হক চৌধুরী তার জীবন দ্শায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার প্রজ্ঞা, সহনশীলতা ও মানুষের প্রতি আন্তরিকতা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তার মৃত্যুতে দেশ ও এলাকার রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও অনুভূত হচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন