
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মা নদীর তীরে ব্যতিক্রমী আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনী ‘জনতার ইশতেহার’ ঘোষণা করেছেন। শুক্রবার সকাল দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকায় এ ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি নারী-পুরুষ, হিন্দু–মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের ভোটাররা অংশগ্রহণ করেন।
ইশতেহার ঘোষণাকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি দারিদ্র্য দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, সুদবিহীন কৃষিঋণ প্রদান এবং কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার করেন।তিনি আরও জানান, শিল্প-কারখানা ও ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে যুগোপযোগী উন্নয়ন তাঁর ইশতেহারের অন্যতম অগ্রাধিকার।এছাড়াও ইশতেহারে অবহেলিত দিয়াড় অঞ্চলকে আলাদা উপজেলা হিসেবে গঠনের উদ্যোগ, পদ্মা নদীতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর প্রতিষ্ঠা, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি সমাধান এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত করা হয়।ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নূরুল ইসলাম বুলবুল।






















এই post বিষয়ে আলোচনা করুন