
রংপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী নিয়মিত টহল, ভোটকেন্দ্র পরিদর্শন এবং মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকা বদরগঞ্জ সেনা ক্যাম্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে EEF Team-এর ডোমিনেশন টহল কমান্ডার ক্যাপ্টেন ত্বোহা এবং স্কট কমান্ডার লেফটেন্যান্ট নাভিদের নেতৃত্বে বদরগঞ্জ থানার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বেআইনি কার্যক্রম প্রতিরোধে বদরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও প্রবেশপথে মোবাইল চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে।বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ সর্বত্র নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনী। এর ফলে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থার সৃষ্টি হয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমন একটি ইতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে। বদরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, উপজেলার সকল ভোটকেন্দ্র ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে করণীয় নির্ধারণ করে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বদরগঞ্জ থানার সার্বিক আইন-শৃঙ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবুও যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর নিয়মিত টহল ও নজরদারির ফলে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ ভোটাররা। সংশ্লিষ্টদের মতে, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।






















এই post বিষয়ে আলোচনা করুন