গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ / জেলার বিজয়নগরে একটি মিলে অভিযান চালিয়ে নকল মশলা তৈরির কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যালসহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদ। এসময় নকল মশলা তৈরির অপরাধে মো. আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া করা হয়।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ওই মিলটিতে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দলসহ আমরা অভিযান চালাই। সেখানে গিয়ে দেখা যায়, মিলের সামনে মরিচসহ বিভিন্ন প্রকার মশলা সাজানো রয়েছে। মিলের ভেতরে ঢুকে দেখা যায় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদ এর নকল মশলা বানানো হচ্ছে।
তিনি আরও জানান, এই ঘটনায় একজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ সহযোগিতা করেন।