প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ৮:০৮ পি.এম
সাভারে গ্যাস না পেয়ে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ

সাভার উপজেলা প্রতনিধিঃ
প্রায় ১২ দিন গ্যাস না পেয়ে সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রবিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার সাভারের তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে তারা।
বিক্ষোভকারীরা জানান, প্রায় বার দিন যাবৎ সাভারের ফুলবাড়িয়ার ১৫ টি গ্রামে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। সকালে হোটেলে খেয়ে অফিসে
যেতে হচ্ছে। এখনও হোটেলেও ঠিকঠাক খাবার পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে এলাকাবাসী আজ তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তারা বলেন, পার্শ্ববর্তী সকল
এলাকায় গ্যাস থাকলেও ফুলবাড়িয়ায় ১৫ গ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে গ্যাস নাই। এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করা হবে বলে জানান তারা।
ফুলবাড়িয়ার ইয়াকুব আলী জানান, গ্যাস না থাকায় আমরা দুই বেলা খেতে পারছি না। না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। আমাদের বাড়ির ভাড়াটিয়ারা রুম ছেড়ে চলে যাচ্ছেন। এতে
করে আমাদের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
শ্রমিক আলতাফ হোসেন বলেন, আমরা কাজ করে খাই। আমাদের পক্ষে তো গ্যাস সিলিন্ডার কিনে রান্না করা সম্ভব নয়। সকালে রুটি খেয়ে কাজে বের হতে হচ্ছে। এভাবে চলতে
থাকলে তো কষ্ট দ্বিগুণ হয়ে যাবে। হঠাৎ বাসা ছেড়ে অন্য খানে যেতেও পারছি না। আমাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানাই।
তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার খাদেম জানান, ইতিপূর্বে সাভারের ফুলবাড়িয়া ও ধলপুরে লাইনে গ্যাস নেই
মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। সমস্যাটি সমাধানে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যেই ওইসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে
আসবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন