রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি /
নেত্রকোনার মোহনগঞ্জে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শফিউল আলম সুবাদকে (৫০) মারধর করে হোটেলের একটি কক্ষে আটকে রেখে এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায়
করা মামলায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ (১৮ জুলাই) মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে মোহনগঞ্জ পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বারহাট্টা উপজেলার আলোকদিয়া মৃত আলী আকবরের ছেলে মো. রানা মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত আবুল কালাম ওরফে আজাদের ছেলে ওয়াসিকল
আজাদ ওরফে লিয়ন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই দুপুরের দিকে ঔষধ কোম্পানির বকেয়া টাকা তুলে শফিউল আলম সুবাদ নিজ বাসা পৌরশহরের দৌলতপুরের দিকে
মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। নিজ বাসার উদ্দেশ্যে যাওয়ার শহরের পোদ্দার পট্টি এলাকায় আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা লিয়ন, রানাসহ আরও ৮-১০ মিলে মোটরসাইকেল
থেকে লাথি মেরে ফেলে তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সেখান থেকে তুলে নিয়ে সুবাদকে শহরের 'হাওর ইন হোটেলে' এর একটি কক্ষে আটকে রাখে হামলাকারীরা। এ
সময় তার সঙ্গে থাকা বিভিন্ন ঔষধের দোকান থেকে তুলে আনা কোম্পানির বকেয়া এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে শফিউল আলম সুবাদের চিৎকারে আশপাশের লোকজন
তাকে উদ্ধার করে।
উদ্ধার করতে আসা লোকজনের সহায়তায় চিকিৎসা শেষে তিনি থানায় গিয়ে এ ঘটনায় শফিউল আলম সুবাদ বাদী হয়ে লিয়ন ও রানাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার
পরপরই ওই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।