
সৈয়দ সময়
বাংলার বুকজুড়ে বিস্তৃত হাওড় জল আর জীবনের অনন্ত নন্দনপুরী। এই হাওড় কেবল প্রাকৃতিক ভূপ্রকৃতির খণ্ডচিত্র নয়, এটি এক জীবন্ত সভ্যতা, কৃষির শ্বাসপ্রশ্বাস, মানুষের গান ও প্রকৃতির প্রার্থনা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির ভাঁজে ভাঁজে হাওড়ের জলধ্বনি আজও অনুরণিত।তবু এ জলভূমির আর্তনাদও সমান প্রবল। অদূরদর্শী উন্নয়ন, জলাশয় ভরাট, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের নির্মম ছোবল হাওড়কে করে তুলছে মৃত্যুপথযাত্রী। সেই মৃত্যুর অভিঘাত পৌঁছায় কৃষকের ভাঙা খেতে, জেলের শূন্য জালে, আর পাখিদের নিস্তব্ধ আকাশে।এ প্রেক্ষাপটে “হাওড় মন্ত্রণালয়” গঠনের দাবি শুধু রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ বাঁচানোর অঙ্গীকার। হাওড় মন্ত্রণালয় মানে হবে সমন্বিত পরিকল্পনার এক মহাগান যেখানে পরিবেশ, কৃষি, মৎস্য, পর্যটন, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও মানুষের জীবন এক সূত্রে বাঁধা থাকবে।হাওড় মানে বন্যার জলরাশি, আবার শীতকালে অফুরন্ত ধানক্ষেত। হাওড় মানে দেশি মাছের গন্ধে ভরা ভোরবেলা। হাওড় মানে অতিথি পাখির কাকলি, মানে ভাটির মানুষের বেহাল জীবিকা। এই হাওড় বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই রাষ্ট্রের দায় এখন সুস্পষ্ট জলধারাকে অবাধে বইতে দিতে হবে, খাল-বিল, নদী, ক্যানালকে জীবন্ত রাখতে হবে, দিগন্তজোড়া সবুজকে সংরক্ষণ করতে হবে।সবুজ পৃথিবী সুরক্ষার এই আন্দোলন কেবল একটি দেশের নয় ,এটি বৈশ্বিক দায়িত্ব। পৃথিবীর যে প্রান্তেই নদী শুকিয়ে যায়, যে বনে আগুন লাগে, যে হাওড় মরে যায়, তার প্রতিধ্বনি প্রতিটি হৃদয়ে বাজে। আমরা যদি জলাশয়কে প্রবাহমান না রাখি, যদি নদীর বুক কেটে কংক্রিটের বাঁধ তুলি, তবে আমরা আসলে নিজেদের ফুসফুস ছিঁড়ে ফেলি।বাংলাদেশের হাওড়কে ঘিরে এক নতুন মানবিক অর্থনীতি গড়ে উঠতে পারে সবুজ প্রযুক্তিনির্ভর কৃষি, ইকো-ট্যুরিজম, জেলেদের অধিকার, জীববৈচিত্র্য সংরক্ষণ, এবং জলভূমিকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের মহাপরিকল্পনা। হাওড় মন্ত্রণালয় হবে সেই আলোকবর্তিকা, যা শত শত বছর পরেও সমকালীন থাকবে কারণ জল মানেই জীবন, সবুজ মানেই বেঁচে থাকা।আজ যদি আমরা হাওড়ের প্রতি শ্রদ্ধাশীল হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম বলবে ,বাংলার মানুষ একদিন কবি সৈয়দ সময়ের ভাষায় স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পৃথিবীর সর্বোচ্চ সম্মান তখন কেবল পুরস্কার হবে না, হবে মানবতার যৌথ অঙ্গীকার পৃথিবীকে বাঁচানো, নদীকে বাঁচানো, হাওড়কে বাঁচানো।জলকে অবাধে বইতে দাও, সবুজকে দিগন্তে ছড়াতে দাও,
বাংলাদেশ হোক পৃথিবীর হাওড়ের রাজধানী যেখানে মানুষ, প্রকৃতি ও স্বপ্ন একই স্রোতে ভেসে যায়।















এই post বিষয়ে আলোচনা করুন