
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে, সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে সুনামগঞ্জে স্মরণকালের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল ধর্মের নারীরা উপস্থিত ছিলেন এবং খন্ড খন্ড মিছিলে বাসস্টেশন এলাকায় তিল ধারার জায়গা মেলেনি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুঃফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় সমাবেশে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনুর আলী, মোঃ রেজাউল হক, আবুল কালাম আজাদ, মোঃ ফুল মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, জেলা মহিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি বেগম ও রুনা আক্তার, প্রচার সম্পাদক মণিরা আক্তার লিজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা এবং নারীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি দল জনমতের মাধ্যমে ক্ষমতায় আসে, দেশের সকল নারীর জন্য ফ্যামিলি কার্ড এবং বিধবা ও বয়স্ক নারীদের জন্য বয়স্কভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমরা বিএনপির কর্মীদের হিসেবে ৩১ দফার কার্যক্রমের লিফলেট বিতরণ করছি এবং আশা করি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন।”
সমাবেশ শেষে নারীরা একটি বিশাল মিছিল পরিচালনা করেন। মিছিলটি পুরাতন বাসস্টেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্টেশনে গিয়ে শেষ হয়।






















এই post বিষয়ে আলোচনা করুন