কিশোরগঞ্জে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা এক অভিযান পরিচালনা করে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি সহ তিন জন কে আটক করেছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, নেত্রকোণা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে একটি চোরাকারবারীচক্র ভারতীয় চিনি কিশোরগঞ্জে নিয়ে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি চৌকস দল কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকার চাঁনমারি মোড়ে তল্লাশি চৌকি স্থাপন করে।
সকাল সোয়া ৬টার দিকে তাড়াইলের দিক থেকে কিশোরগঞ্জ শহরের দিকে আসতে থাকা একটি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ট্রাকে বিপুল পরিমাণ চিনি পাওয়া যায়। ট্রাকে থাকা লোকজন উক্ত চিনির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এই ঘটনায় ট্রাকে থাকা তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৌলিগাতি গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে বায়েজিদ খান (৪৮), কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের জাফর আলীর ছেলে জাহাঙ্গীর (২৭) ও পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মীর হোসেনের ছেলে আশরাফ (৫৫)।
পরে ট্রাকসহ ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি, নগদ ১৭ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট জব্দ করেছে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির সংবাদ মাধ্যম কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন
এই ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে





















এই post বিষয়ে আলোচনা করুন