
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি/
নেত্রকোনা পূর্বধলা উপজেলাধীন পূর্বধলা-গোয়াতলা সড়কে দুর্গাপুর থেকে অবৈধ পথে নিয়ে আসা ট্রাকবোঝাই ২৯ বস্তা (৪২০ পিস) ভারতীয় কম্বল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
আজ (২০ সেপ্টেম্বর) বুধবার পূ্র্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পদ্মাই বিলপাড় এলাকা থেকে একটি ট্রাকসহ ২৯ বস্তা ভারতীয় কম্বল আটক করে বিজিবি।
স্থানীয় লোকজনদের কাছে খোঁজ নিয়ে জানা যায়, আজ ভোররাতে ট্রাকবোঝাই ভারতীয় কম্বল নিয়ে চোরাকারবারীরা দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে পূর্বধলা হয়ে ময়মনসিংহ যাওয়ার পথে চোরাকারবারীরা ছিনতাইকারী দলের কবলে পরে। ছিনতাইকারী দল ট্রাকচালককে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে হোগলা ইউনিয়নের পদ্মাই বিল পাড়ে নিয়ে যায়।
সেখানে দরকষাকষির একপর্যায়ে স্থানীয় জনগণ টের পেয়ে সাংবাদিকদের খবর দেয়। সাংবাদিকদের উপস্থিতিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র একটি দল নেত্রকোনা যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি থামানো অবস্থায় পায়।
পরে ট্রাকটি তল্লাশি করে অবৈধ পথে আসা ২৯ বস্তা ভারতীয় কম্বল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
সেখান থেকে আটককৃত ভারতীয় কম্বলসহ ট্রাকটি ধোবাউড়া উপজেলার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) চারুয়া পাড়া ক্যাম্পে নিয়ে যায় বিজিবির দলটি।
এ বিষয়ে হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন বলেন, আমি জানতে পারলাম হোগলা ইউনিয়নের জনগণ এক ট্রাক ভারতীয় অবৈধ কম্বল আটক করেছে।
অবৈধ কম্বল আটকের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে জানানো হয়েছে। তিনি এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র হাবিলদার সার্জেন্ট আব্দুস সালেক বলেন, অবৈধ পথে আসা ভারতীয় (২৯ বস্তা কম্বল) জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২,৬০,০০০ (বারো লক্ষ ষাট হাজার) টাকা। এ সময় কম্বল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়। কাউকে এখনও আটক করা যায়নি।






















এই post বিষয়ে আলোচনা করুন