
হবিগঞ্জ ব্যুরো প্রধান: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন: মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের পুত্র প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের পুত্র সূর্য দাস (৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে প্রলয় দাস ও সুর্য দাস অন্যান্য শিশুদের সঙ্গে মাহমুদপুর গ্রামের মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সূর্য পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন