
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: এই আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (৮ জুলাই) দুপুর ১টা ৩০ এর দিকে বাকৃবির জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বাকৃবির কে আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা এক দফা কর্মসূচি ঘোষণা করে বলেন, আজ থেকে আমরা এক দফা কর্মসূচি পালন করবো। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ দেশের ছাত্র সমাজ দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাবে।




















এই post বিষয়ে আলোচনা করুন