
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরোঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় জশনে জুলুস এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলার প্রতিটি গ্রাম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার হাজার জনতা শোভাযাত্রা করে মিলাদুন্নবীর শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এসে জমায়েত হয়।
শোভাযাত্রাটি চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা হতে গোলচত্বর হয়ে রেলগেইট গাউছিয়া জামে মসজিদ রোড দিয়ে হাসপাতাল রোড আশুগঞ্জ পশ্চিম বাজার হয়ে মুন্সি মার্কেট দিয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়।
চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাওলানা মোঃ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, খন্দকার বাবুল শাহ,মাওলানা খন্দকার আনিসুর রহমান আল ক্বাদরী, মাওলানা রেদোয়ান হোসাইন আল ক্বাদরী, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল আমিনসহ সর্বস্তরের সুন্নী জনতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও জনসাধারণ।
বক্তারা বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামাত মহানবীর (সা.) আদর্শ অনুসরণকারী একটি দল। যারা নবী করিম (সা.) এর আদর্শ অনুসরণ করে ইসলামি আইনকানুন মেনে চলার চেষ্টা করে।’
সবশেষে আলোচনা সভার সভাপতি ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা মিলাদুন্নবী(সা.) জশনে জুলুস শেষে বিশ্বের সব মুসলমানদের জন্য শান্তি কামনা করে দোয়া এবং মিলাদ পরিচালনা করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও সিরাজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ।




















এই post বিষয়ে আলোচনা করুন