
আন্তর্জাতিক ডেস্ক: পেজার বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার পর এবার লেবাননেজুড়ে বিস্ফোরিত হলো ওয়াকিটকি। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং ৪৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই হতাহতের খবর নিশ্চিত করেছে।
টেলিযোগাযোগের বিভিন্ন ডিভাইসের একের পর এক বিস্ফোরণের ঘটনায় লেবাননে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোন ব্যবহার করতেও এখন সাধারণ মানুষ ভীত হয়ে পড়েছেন।
এর আগে, পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ, এমন তথ্য দিয়েছিল লেবাননের একটি নিরাপত্তা সূত্র।
হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন, যদিও ইসরাইল পেজার বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরাইলের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।




















এই post বিষয়ে আলোচনা করুন