
রংপুর ব্যুরো :
জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে ৫ দফা দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে রঙপুর সাহিত্য পরিষদ হলরুমে সংগঠনের সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ জানান, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো নগরীর বিভিন্ন বাসা-বাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রি-পেইড মিটার সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের আগে নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ গ্রাহকদের কোন মতামত গ্রহণ করেনি। তারা জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে। প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে। ক্যাপাসিটি চার্জের নামে বিগত ১৫ বছরে এক লাখ ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি বিদ্যুতের প্রি-পেইড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ৫’শ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই দূর্নীতির বোঝা জনগনের ঘাড়ে চাপাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন, প্রতিমাসে ডিমার্ন্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া আদায়, গণশুনানী ব্যতিত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাতে অনিয়ম-দূর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং ঘুষ-দূর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, সংগঠক নৃপেন্দ্র নাথসহ অন্যরা
















এই post বিষয়ে আলোচনা করুন