
আহসান হাবীব শিপলু, বদলগাছী প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বর্ষা মৌসুমে মাঠের পানি নিস্কাশনের একমাত্র পথ কালভার্ট/ ব্রিজ। সেই কালভার্টের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন করছে। আর এই কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বোরো ও আমন ধান চাষ করা নিয়ে শংকায় রয়েছে এলাকার কৃষকেরা। আর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল মাঠে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখাযায়, দোনইল চাঁনপুর সড়কের কালভার্ট/ব্রিজের মুখে মাটি ও বেড়া দিয়ে বন্ধ করে দক্ষিন পাশের পুকুর খনন করা হয়েছে। এ কারনে এলজিইডির সড়কটিও হুমকীর মুখে পড়েছে, তেমনি মাঠের পানি এপার থেকে ওপারে যাওয়ার কোন সুযোগ নেই। স্থানীয় দোনইল গ্রামের আব্দুল হাই, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জুয়েল হোসেন, ইনছের আলী জানান, এক সপ্তাহ আগে রাতের আঁধারে ভিকো মেশিন দিয়ে পুকুর খনন করেছে। আমরা সকালে দেখতে পাই পানি নিস্কাশনের যে কালভার্টটি রয়েছে সেটির মুখ বন্ধ করে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করলে পুকুর খননকারী বদিউল ইসলাম আমাদেরকে বলেন, ডিসি অফিসে অভিযোগ দিয়ে কিছু করতে পারলে করো। গ্রামবাসী মাঠের পানি নিস্কাশনের জন্য বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)র কাছে লিখিত অভিযোগ দেন।
দোনইল গ্রামবাসীরা জানান, ব্রীজের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাশন না হলে প্রায় হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে এবং বাড়ি ঘরে পানি উঠবে। আমরা এর স্থায়ী সমাধান চাই।
জানতে চাইলে পুকুর খননকারী বদিউল জানায়, ইউএনও অফিস থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। ১০ মাস আগে ৭ লাখ টাকা বিঘা হিসাবে জমিটি আমি ক্রয় করেছি সেই জায়গায় পুকুর কেটেছি। আমি মাঠের পানি নিস্কাশনের জন্য পুকুর পাড়ে রিং পাইপ দিব।
কালভার্টের মুখের জমির মুল মালিক অরুপ জানায়, ৬ মাস আগে বিক্রি করেছি জমি। পানি যাওয়ার পথ আমি বিক্রয় করিনি।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, কালভার্টের মুখটি যদি বন্ধ থাকে তাহলে বর্ষা মৌসুমে ঐ মাঠে আমন ধান চাষ ব্যাহত হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন