
সালমান আহমেদ, কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোণায় পারিবারিক কলহে মাকে মারধর করছিল ছেলে। মারধরের এই ঘটনায় তাঁকে শাসন করতে গিয়ে লাঠির আঘাতে নিহত হয়েছেন তাঁর মামা।
নিহত মামা কাঞ্চন মিয়া (৬০) উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের কাউছু মিয়ার ছেলে। অভিযুক্ত ভাগ্নে মাজহারুল (২০) উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
গতকাল মঙ্গলবার রাতে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাঞ্চন মিয়া। এর আগে, উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মাজহারুল প্রায় সময়ই তাঁর মা মাজেদা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করতেন। মঙ্গলবার মাজহারুল তাঁর মাকে আবারও মারধর করেন। ছেলের অত্যাচার নির্যাতনের ঘটনা মাজেদা তাঁর ভাই কাঞ্চন মিয়াকে জানান। কাঞ্চন মিয়া তাঁর ভাগ্নেকে শাসন করলে মাজহারুল উত্তেজিত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে কাঞ্চন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত কাঞ্চন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন কাঞ্চন মিয়ার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মাজহারুল পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।





















এই post বিষয়ে আলোচনা করুন