
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের শিক্ষার্থীদের আলো ছড়িয়ে আসছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে এ বছর অর্জিত হয়েছে এক অনন্য সাফল্য। এস.এস.সি.২০২৫ ইং সালে পরীক্ষায় মানবিক বিভাগে হাওর বেষ্টিত খালিয়াজুরী উপজেলার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এই প্রথম বারের মত প্রথম স্থান অর্জন করেছে শিক্ষার্থী এনামুল হক তুহিন।
তুহিন খালিয়াজুরী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দরিদ্র কৃষক মোঃ বকুল মিয়া ও গৃহিণী নাসিমা আক্তারের সন্তান। বেশির ভাগ সময় তুহিন তার মামা আঃ হান্নান মিয়ার বাড়ি থেকে পড়াশুনা করত।আর্থিক অসচ্ছলতার মাঝেও অধ্যবসায় ও মেধার জোরে তিনি এ সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার খ্যাতনামা নটরডেম কলেজে ভর্তির হওয়ার সুযোগ পেয়েছেন। তবে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া তার পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রচন্দ্র বিশ্বাস বলেন,হাওরাঞ্চলের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা প্রতিবছরই ভালো ফলাফল করতে পারবে। আমাদের লক্ষ্য খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়কে ময়মনসিংহ বিভাগের সেরা প্রতিষ্ঠানে পরিণত করা।
পিতা মোঃ বকুল মিয়া আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমি ছেলের পড়াশোনার খরচ ঠিকমতো জোগাতে পারিনি। কিন্তু নিজের ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে সে আজ আমাদের মুখ উজ্জ্বল করেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট বলেন,তুহিন আমাদের গর্ব। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই। আশা করি সে ভবিষ্যতে আরোও বড় ভাল কিছু করবে।এলাকাবাসীর মতে,এনামুল হক তুহিনের এই অর্জন শুধু খালিয়াজুরী নয়,পুরো হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা ও পথ প্রদর্শক হিসাবে কাজ করবে।




















এই post বিষয়ে আলোচনা করুন