
সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে স্পিডবোট ও নৌকার মুখোমুখি সংঘর্ষে নদীতে তলিয়ে যাওয়া চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনন্দঘন বিয়ের বাড়িতে নেমে এসেছে গভীর শোক।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, শনিবার দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। রোববার দুপুর পর্যন্ত একে একে নিখোঁজ শিশুদের মরদেহ পাওয়া যায়।উদ্ধার হওয়া শিশুরা হলো আন্দাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১) এবং এর আগের দিন ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া উষা মনি (৪)।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নেওয়ার জন্য শুক্রবার ভাড়া করা হয় স্পিডবোটটি। কিন্তু বরযাত্রী যাওয়ার আগেই ১৫ জন আত্মীয়-স্বজন ঘুরতে বের হন। তখনই স্থানীয় একটি নৌকার সঙ্গে সংঘর্ষে উল্টে যায় স্পিডবোটটি। যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চার শিশু পানিতে তলিয়ে যায়।স্থানীয়রা জানান, শিশুরা বাঁচার চেষ্টা করলেও নদীর প্রবল স্রোতে ডুবে যায় তারা। উদ্ধারকৃত মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।শোকাহত এলাকাবাসী বলছে, বিয়ের ঘরে যে আনন্দ আসার কথা ছিল, তা পরিণত হয়েছে বুকভাঙা আহাজারিতে।




















এই post বিষয়ে আলোচনা করুন