
সৈয়দ সময় ,নেত্রকোনা:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী উচ্চ বিদ্যালয়ে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর এক ঘটনা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আনোয়ার (১৫) স্কুল মাঠেই সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা শুধু তাকে বেধড়ক মারধরই করেনি, বরং খুনের প্রকাশ্য হুমকিও দিয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক জয় মিয়া (২০), সাগর মিয়া (২২), মোস্তাকিন (১৬), জিসান (২০), মাসুদ (১৮) ও নূরু মিয়া (২০)— পূর্বশত্রুতার জেরে আনোয়ারকে ঘেরাও করে। ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরেই তার সঙ্গে হামলাকারীদের শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন আনোয়ার ভয়ে স্কুল ভবনের ভেতরে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা ভেতরে ঢুকে লাঠিসোটা দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত এগিয়ে এসে আনোয়ারকে উদ্ধার না করলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত আনোয়ারকে তাৎক্ষণিকভাবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আনোয়ারের পিতা মো. হাবিবুর রহমান কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের বিপদের শিকার হতে পারে।এ প্রসঙ্গে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “বিদ্যালয়ে ঢুকে ছাত্রকে মারধর কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”বিদ্যালয়ের ভেতরে ঘটে যাওয়া এই হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।



















এই post বিষয়ে আলোচনা করুন