
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। এই হামলা এমন সময়ে ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মস্কোকে “বিপজ্জনক ও অজানা ধরনের উত্তেজনা” সৃষ্টির জন্য দায়ী করেছে।খারকিভ আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, শহরের সীমান্তবর্তী এলাকায় হামলার ফলে মৃতের সংখ্যা চারজনে পৌঁছেছে।খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, রাশিয়ার দীর্ঘদূরত্বের ড্রোন শিশুদের চিকিৎসা কেন্দ্রেও আঘাত হানায় আগুন লেগেছে।ইউক্রেনের গ্রিড অপারেটর উক্রেনারগো জানিয়েছে, রাতে একাধিক রাশিয়ার হামলার কারণে রাজধানী কিয়েভে জরুরি বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে সংস্থাটি ক্ষতির পরিমাণ বা বিদ্যুৎ বিপর্যয়ের স্থায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টিমুর টকাচেঙ্কো জানিয়েছেন, রাজধানীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত কিন্তু তীব্র হামলা হয়েছে। পর্যবেক্ষণমূলক টেলিগ্রাম চ্যানেলগুলো জানাচ্ছে, এক ঘণ্টার মধ্যে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে হতাহতের তথ্য এখনও নিশ্চিত হয়নি।ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতের মধ্যে ইউক্রেনে ২৯৩টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট ২৪০টি ড্রোন এবং ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সূত্র: রইটর্স,



















এই post বিষয়ে আলোচনা করুন