
সৌদি আরবের তাবুক আল বেদা শহরে সড়ক দুর্ঘটনায় খুকি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামীসহ সন্তানরা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত খুকি রাজধানীর মুগদা পাড়ার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির বড় কুড়ি পাইকা গ্রামের প্রবাসী মো. মামুনুর রশিদের স্ত্রী।
বাংলাদেশ সময় শনিবার রাত ২টার দিকে সৌদি আরবের তাবুক আল বেদা শহরের মাকনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুনুর রশিদের চাচাতো ভাই মো. সজিব ভূঁইয়া মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনার পর তার এক আত্মীয় রোববার সকাল ১০ টার দিকে বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় মানুনুর রশিদের স্ত্রীর মৃত্যুর খররটি দেন।
ভোরে স্বামী-স্ত্রীসন্তানসহ তারা সকলে একটি গাড়িতে করে অন্য জায়গাতে বেড়াতে যাচ্ছিলেন। গাড়িটি তাবুক আল বেদা শহরের মাকনা এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। তিনি তাদেরকে জানিয়েছেন ধারণা করছেন দ্রুত গতিতে গাড়ি চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে এ দুর্ঘটনা ঘটে।
সবুজ ভূঁইয়া জানান, মামুনুর রশিদ ২২ বছর ধরে সৌদি আরবে একটি কোম্পানিতে কাজ করছেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কোম্পানিতে ভালো সুযোগ সুবিধে থাকায় স্ত্রী-সন্তানকে নেয়ার সুযোগ পান। তাই গত ৬ মাস আগে তাদেরকে সেখানে নিয়ে যান। আগামী মাসে স্ত্রী ও তার সন্তানরা দেশে আসার কথা ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশী শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, মামুনের পরিবার যদিও ঢাকায় থাকতেন কিন্তু তার শশুর বাড়ির প্রতি ছিল অন্য রকম টান। ঈদ ছাড়াও পারিবারিক ছোট বড় অনুষ্ঠানে যোগদান করতেন। তাছাড়া সময় সুযোগ পেলেই গ্রামের বাড়িতে ছুটে আসতেন। এভাবে চলে যাবে তা কখনো ভাবতে পারি নি।





















এই post বিষয়ে আলোচনা করুন