
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রধান /
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পাহাড়ি নদী মঙ্গলেশ্বরীতে ডুবে চাঁনমিয়া (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। নদী থেকে পলিথিন কাগজ তুলতে গেলে এ ঘটনা ঘটে।
আজ (৭ আগস্ট) সোমবার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠকখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত লাশ খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ মো. চাঁন মিয়া খারনৈ ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ কৃষক চাঁন মিয়া ক্ষেতে ধান লাগানোর বৃষ্টির মধ্যে তার দুই সহকর্মীর সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামে নদী ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তার মাথায় থাকা পলিথিন কাগজটি পানিতে পড়ে যায়। ওই কাগজ তুলতে নদীতে সাঁতার দেন তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন চাঁন মিয়া। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা উদ্ধারের কাজ করছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কৃষকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এখনো সন্ধান মেলেনি।




















এই post বিষয়ে আলোচনা করুন