
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শয়তানখালী খালের উপর নির্মিত ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে এবং সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর এই শেতুটির জন্য চরম দূরভোগ পোয়াতে হচ্ছে। বাজারের ব্যবসাহীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাছাড়া উপজেলা পরিষদে যাওয়ার একমাত্র রাস্তার উপর এই ব্রিজটি।
বুধবার বিকালে উপজেলার মধ্যবাজারে ধর্মপাশা উপজেলার শিক্ষার্থী ও জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষার্থী শরীফুজ্জামান বারির পরিচালনায় বক্তব্য দেন, ব্যবসায়ী মোঃ আলী নূর, হাবিবুর রহমান, হাফিজুল ইসলাম, রাসেল আহমেদ, শিক্ষার্থী ফারুক আহমেদ প্রমুখ।
এলজিইডির হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধর্মপাশা জিসি-জয়শ্রী জিসি সড়ক নির্মাণের ৩৭ মিটার আরসিসি সেতু নির্মাণের ৯ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৪৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজের ঠিকাদার নিযুক্ত করা হয় সুনামগঞ্জের মাহবুব এন্টারপ্রাইজকে। তাদের গত বছরের ২৬ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের কাজ শেষ করার সময়সীমা শেষ হবে। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত সেতুটির ২০ ভাগ কাজ সম্পন্ন হয়নি। সড়ক নির্মাণেও অনিয়ম করা হয়েছে। এমনকি কালভার্টটিও নির্মাণ করা হয়নি।
ঠিকাদার আবুল মহসিন মোঃ মাহবুব বলেন,পানি থাকায় কাজটি করতে বিলম্ব হয়েছে। পানি একটু কমলে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করার চেষ্টা করব।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, নির্মাণস্থলে পানি থাকায় এখনও কাজ শুরু করা যাচ্ছেনা। কাজ শুরু করতে আরও কিছু দিন সময় লাগবে।
নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, এই বিষয়টি পিডি মহোদয়কে জানিয়েছি। ঠিকাদারকে বলেছি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমি নতুন এসেছি, বিষয়টি আমার জানা নেই, আপনার মাধ্যমে জানলাম,সংশ্লিষ্ট দপ্তরে খুঁজ নিয়ে দেখব, কবে কাজ শুরু হয়েছে, কবে শেষ হওয়ার কথা। তার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো, আমাকে একটু সময় দিন।




















এই post বিষয়ে আলোচনা করুন