খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধি/
সাভারের আশুলিয়ায় একই পরিবারের মা-বাবা ও শিশু সন্তানকে জবাই করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রবিবার দুপুরে আশুলিয়া থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়ায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, গতকাল রাতে একটি ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে একই পরিবারের মা-বাবা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আজ নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মরদেহ তিনটি রাতেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপর গতকাল গভীর রাতেই ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করে আসামদির আইনেট আওতায় আনার কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার। এছাড়া গোয়েন্দা পুলিশ, র্যাব ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।






















এই post বিষয়ে আলোচনা করুন