
রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. লতিফুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে মোহনগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লতিফুর রহমানকে প্রধান আসামি করে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মোহনগঞ্জ পৌর শহরে স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকারবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে মামলার বাদী ফজলুল হক বলেন, সুনির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আসামিরা সবাই আত্মগোপনে রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন