
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরোঃ ‘শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা ও র্যালি।
১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্টানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী তাহমিনা সারমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুজ্জামান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম ও পরম যত্নে জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন। এ কৃতিত্ব শুধু শ্রেণিকক্ষেই নয়, বৈশ্বিক মঞ্চেও দৃশ্যমান। শিক্ষকদের অর্জন এবং কৃতিত্ব তাদের নিরলস সাধনার যথার্থ প্রমাণ।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে উদ্ভাবন এবং গবেষণাকে উৎসাহিত করতে সরকার শিক্ষকদের জন্য গবেষণা অনুদান এবং বৃত্তি-তহবিল গঠন করেছে। এ উদ্যোগ শিক্ষকদের মর্যাদা উন্নীত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে, যোগ করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান, প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম শাহরীয়ার রসুল, ফিরোজ মিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার, সরকারি হাজী জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজাদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




















এই post বিষয়ে আলোচনা করুন